হজের বাড়তি ৫ হাজার কোটা বরাদ্দে সরকারকে হাবের ধন্যবাদ
অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ধর্মমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৫ হাজার কোটা বাড়ানোয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সঙ্গে অবশিষ্ট কোটা বরাদ্দ এবং হজ ব্যবস্থাপনার বিভিন্ন জটিলতা নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
বুধবার (১২ নভেম্বর) জেদ্দার স্থানীয় একটি হোটেলে ২০২৭ সালের হজের লিড এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন হাব নেতারা।
সভায় নেতারা বলেন, বাড়তি ৫ হাজার কোটা বরাদ্দের জন্য ধর্মমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ। তবে আরও বেশি বাংলাদেশির হজ পালনের সুযোগ তৈরি করতে অবশিষ্ট কোটা বরাদ্দের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।
২০২৭ সালের হজে বেসরকারি এজেন্সিগুলোর জন্য মিনার জোন-১-এর তাবু এবং জোন-৫-এ বুকিং করা তাবু একসঙ্গে ব্যবস্থাপনার দাবি জানান তারা। মাশায়ের এলাকায় বাস সার্ভিসের ডাবল ট্রিপ ব্যবস্থা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন।
এ ছাড়া সৌদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যাতে হজযাত্রী ও এজেন্সিগুলোর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে সরকারি পদক্ষেপ চান হাব নেতারা। এসব বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
হাবের যুগ্ম মহাসচিব জাফর উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। এতে উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি মাওলানা ফারুক আহমেদ সরদার, অর্থবিষয়ক সম্পাদক হামিদুর রহমান, জনসংযোগ সচিব জাহিদ আলম ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কাওছার আহমেদসহ ২০২৭ সালের হজের লিড এজেন্সিগুলোর প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জনের হজ পালনের কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছাড়ার কথা ৮ এপ্রিল।






