গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছানোর পর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আহত ওই নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাব্বির।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সাব্বিরের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি।
বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন।
এ সময় ওই ব্যক্তি তার ফেসবুকের পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।
সাব্বিরের অভিযোগ, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এরপর প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাকে নামিয়ে নিয়ে যায়।
তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালাগালমূলক বক্তব্য দিতে বাধ্য করেন।
সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। এ সময় তার মুঠোফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
একপর্যায়ে তাদের কাছ থেকে পালিয়ে একটি মাঠ পেরিয়ে অন্য পথ দিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে পিরোজপুরের উদ্দেশে রওনা হন।
রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস মোড় থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসপাতালে উপস্থিত হন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, রাতে খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান এবং আহত সাব্বিরের চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার বিষয় পিরোজপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক কে. এম. আসিফ আহাম্মেদ জানান, সাব্বিরের পুরো শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
আঘাতের কারণে সে সমস্ত জায়গায় কালো দাগ হয়ে গেছে। রাতেই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তিনি জেনেছেন।
সাব্বির খান পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






