জ্বালানি তেল বিক্রিতে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকা ছাড়াও কয়েকটি জেলায় মোটরসাইকেল নিবন্ধন ও জ্বালানি তেল বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, ঢাকা জেলায় বর্তমানে ১৮টি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে মোটরসাইকেল চালকদের জ্বালানি গ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও ডিজিটাল করা হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাইলটিং কার্যক্রমের আওতা বাড়িয়ে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও আরও কয়েকটি জেলা ও মেট্রো এলাকা উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা জেলা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।
এই জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত হবে এবং অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে। এছাড়া ঢাকা জেলায় পরীক্ষামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করে মোট ১৮টি পেট্রোল পাম্পে সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এই ডিজিটাল জ্বালানি বিতরণ ব্যবস্থা দেশের অন্যান্য জেলাতেও চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ‘ফুয়েল পাস বিডি’ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে।








