শারদীয় দুর্গাপূজায় শিক্ষার্থীরা পাচ্ছে লম্বা ছুটি

ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় প্রতিষ্ঠানভেদে টানা ১০ থেকে ১৬ দিন পর্যন্ত ছুটি হতে পারে।
২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের বিরতি পাওয়ার সুযোগ রয়েছে।
তবে ছুটির এই সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর ছুটির সময়সূচি পুনর্নির্ধারণ করতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
কলেজের শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে।
এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষার্থীরা ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৬ দিনের বিরতি পেতে পারেন।
মাদরাসাতেও দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়ানো হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময় এক নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে কোন বিশ্ববিদ্যালয়ে কতদিন ছুটি হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির পর নিশ্চিত হওয়া যাবে।






