জামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে হেনস্তার অভিযোগে করা মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
শনিবার (৩ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালতে আখতারুজ্জামান অভিযোগ করেন, তাকে জোর করে হেলমেট ও হাতকড়া পরানো হয়েছে। এ সময় তিনি হেলমেট খুলে ছুড়ে ফেলেন। পরে তার অভিযোগের পর বিচারক হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দেন।
আদালতে নিজের বক্তব্যে আখতারুজ্জামান বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে সৃষ্টি করা দেশে আমাকে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। রাষ্ট্র সঠিক পথে নেই। অব্যবস্থাপনা নিয়ে আমি আমৃত্যু কথা বলে যাব।’
তিনি আরও বলেন, ‘এভাবে রাষ্ট্র চলতে পারে না। প্রবাসীদের সমস্যার সমাধান আমরা করব। এত অব্যবস্থাপনা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। নতুন করে সংগ্রামে নামতে হবে।’
আখতারুজ্জামান দাবি করেন, জামায়াতে ইসলামী দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল। সবাই লুটেপুটে খাচ্ছে। প্রসিকিউশন প্রমাণ করুক, আমার অপরাধ প্রমাণ করুক। আমি ফাঁসিতে যাব।’
আদালতে পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, তদন্ত একপেশেভাবে করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো তদন্ত কর্মকর্তা তার সঙ্গে কথা বলেননি। তার অনুরোধে আদালতকক্ষ থেকে পুলিশ সদস্যদের বের করে দেওয়া হয় বলে জানা গেছে। শুধু তদন্ত কর্মকর্তা আদালতে ছিলেন।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
গ্রেপ্তারের পর জামায়াতে ইসলামী তার নিন্দা জানিয়ে আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি করেছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি জানান।






