অর্থনীতি

অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

অবশেষে আংশিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমিক পরিচালন পরিকল্পনার আওতায় এর কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির যাত্রা শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল চালু ও উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

পর্যটনমন্ত্রী বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে এটিকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট অংশীজনেরা প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল কার্যকর করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে।

সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন

বিষয়:আংশিকভাবে চালু তৃতীয় টার্মিনাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শাহজালাল বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…