দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম জার্মানির কোন প্রাদেশিক নির্বাচনে জয় পেল দেশটির অভিবাসন বিরোধী অতি-ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি। জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিঙ্গিয়ায় প্রায় এক তৃতীয়াংশ ভোট জিতেছে দলটি।
বিবিসি জানিয়েছে, গতকাল ১ সেপ্টেম্বর রোববার জার্মানির পূর্বাঞ্চলীয় থুরিঙ্গিয়া ও স্যাক্সনি রাজ্যে প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে থুরিঙ্গিয়া রাজ্যে প্রথম অবস্থানে আছে অতি-ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি এবং স্যাক্সনি রাজ্যের প্রথম অবস্থানে রয়েছে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক পার্টি (সিডিইউ)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থুরিঞ্জিয়াতে প্রথম জয় পাওয়ায় এএফডির এই সাফল্যকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। দলটির নেতা বিওরন হকা এই জয়ে গর্বিত বলে জানিয়েছেন। তিনি রাজনৈতিক অনুষ্ঠানে জেনেশুনে নাৎসি স্লোগান ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত হয়ে মামলা লড়ছেন। তিনি জার্মানির একজন বিতর্কিত ব্যক্তিত্ব।
তবে দুই রাজ্যের প্রাদেশিক নির্বাচনে কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে। কোন দলের সঙ্গে কার জোট হবে, সেটি আগামী সপ্তাহে জানা যাবে।









