আবারও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বহু কারখানায় ছুটি ও বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর গুজব ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। এদিকে জেলার ২৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে মহানগরীর কোনাবাড়ী, জরুন, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ওই কারখানা ও আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর, মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া জেলার ২৩টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।





