গাজীপুর

শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ২০ কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ২০ কারখানায় ছুটি

ছবি: সংগৃহীত।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শ্রমিক অসন্তোষের জেরে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সকালে গাজীপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে সাভার-আশুলিয়ায় পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে সকালে গাজীপুরের মাওনা, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরে আজ ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিজিবি, আনসার ও স্পেশাল রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।

অন্যদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় ২৯টি কারখানা বন্ধ রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১০টি কারখানায়। আরও ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। কোথাও বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

শ্রমিক নেতা খায়রুল মামুন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান জরুরি।

বিষয়:গাজীপুর ঢাকার সাভার পোশাক কারখানা শ্রমিক অসন্তোষ শ্রমিক নেতা খায়রুল মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…