ফিনল্যান্ডে শরৎ উদযাপন করলো বাংলাদেশি ক্লাব নর্ডিক ক্যাপিটালস

ফিনল্যান্ডের ঝরাপাতার উৎসব শরৎ উদযাপন করলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ক্লাব নর্ডিক ক্যাপিটালস। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রাজধানী হেলসিঙ্কিতে হয় উৎসব। কমিউনিটি খেলার মাঠে প্রতিযোগিতা পেরিয়ে এক ছাদের নিচে সম্প্রীতি, সৌহার্দ্য আর বন্ধনের উৎসব মাতে তারা।
হাসি-আনন্দ আর প্রাণবন্ত সব আয়োজনে শুরু হয় ‘নর্ডিক ফল সোয়ারি’। কাহুত কুইজ, গেস দ্য প্লেয়ার, টোকেন ড্র থেকে পারফরম্যান্সসহ ছিল নানা আয়োজন। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর পারস্পরিক সম্প্রীতি তৈরি করে উৎসবমুখর পরিবেশ।
আয়োজনে উপস্থিত হন অন্যান্য ক্লাবের কর্ণধার ও কমিউনিটির গণ্যমান্যরা। এসময় তুলে ধরা হয় নর্ডিক ক্যাপিটালস ক্রিকেট ক্লাবের ২০২৬এর পথচলা, অর্জন আর সাফল্যের গল্প। অল্প সময়ের পথচলায় ক্রিকেট মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নর্ডিক ক্যাপিটালস।
একইসঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় ক্লাবের নতুন কমিটির সদস্যদের। যারা আগামী একবছরের জন্য ক্লাব পরিচালনা করবেন।
কেবল অর্জন উদযাপন নয়, অবদানকেও দেয়া হয়েছে বিশেষ স্বীকৃতি। ক্লাবের প্রতি নিষ্ঠা, পরিশ্রম আর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সম্মাননা জানানো হয় খেলোয়াড় ও ম্যানেজিং বোর্ড সদস্যদের।
আনুষ্ঠানিকতা শেষে গালা ডিনার আর কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। স্মৃতিময় মুহূর্ত, একসঙ্গে ছবি তোলা আর আন্তরিক আড্ডায় দিনটি হয়ে ওঠে আরও বিশেষ।






