চতুর্থবারের মতো মা হলেন হলিউড অভিনেত্রী গাল গাদোত। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ছবিতে দেখা যায়, গালের বুকের ওপর শুয়ে আছে সদ্য জন্ম নেওয়া শিশু। নবজাতককে কাছে পেয়ে তৃপ্তিতে চোখ বুজে রয়েছেন অভিনেত্রী।
যদিও গালের আরও তিন কন্যা সন্তান আছে। তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যেও এনেছিলেন অভিনেত্রী। তবে চতুর্থবার মা হওয়ার খবর আগে থেকে জানতে দেননি। আচমকাই সুখবর দিলেন তিনি।
মা হওয়ার খবর জানিয়ে গাল তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত। সন্তান ধারণ করা সহজ নয়। তবে তুমি আমার জীবনে একরাশ আলো নিয়ে এসেছো। তাই তোমার নাম রেখেছি অরি। হিব্রু ভাষায় যার অর্থ ‘আলো’। আমাদের হৃদয় তোমায় পেয়ে ভরে গিয়েছে।’
স্বামী জ্যারোন ভার্সানের সঙ্গে গালের দাম্পত্য সম্পর্ক বেশ কয়েক বছরের। প্রথম কন্যা সন্তান আলমা আসার পর দ্বিতীয় সন্তান মায়ার জন্ম দেন গাল। ২০২১ সালে তৃতীয় বার মা হয়েছেন তিনি। তিন বছরের মাথায় চতুর্থবার মাতৃত্বের স্বাদ পেলেন। তার মা হওয়ার খবরে খুশি তার অনুরাগীরা।- সিএনএন







