প্রবাস সংবাদ

১১ লাখ ৪০ হাজার নতুন অভিবাসী নেবে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

১১ লাখ ৪০ হাজার নতুন অভিবাসী নেবে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

ছবি: সংগৃহীত

আগামী তিন বছরে ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা সরকার। ২০২৭-২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনায় প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার করে অভিবাসী নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর ফেডারেল সরকার নতুন এই পরিকল্পনা প্রকাশ করে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ৩ লাখ ৮০ হাজার, ২০২৮ সালে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৯ সালেও ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। অর্থাৎ আগামী তিন বছর পিআর গ্রহণের বার্ষিক লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন রাখা হয়নি।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।

নতুন পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কানাডার অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন ব্যবস্থাপনা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনায় কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের সংখ্যা একটি লক্ষ্যমাত্রা মাত্র। এটি কোনো আবেদনকারীর স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং প্রয়োজনে কানাডার অনুমোদিত অভিবাসন পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়:অভিবাসন পরিকল্পনা কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…