হরমুজ প্রণালি নিয়ে নতুন শঙ্কার কথা জানিয়েছে ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর কখনও ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে প্রণালিটির নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ জানান, যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালি তদারকি ও পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে। হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা বলে কিছু নেই। এক্ষেত্রে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনও প্রযোজ্য নয়। প্রণালিটির দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের নিজস্ব আইন অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগে তেহরান সাতটি শর্ত দিয়েছে। কাতারের মধ্যস্থতায় এসব শর্তের জবাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। রানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ছাড়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
গালিবাফের দাবি, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব বিষয় অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।
তবে দুই দেশের মধ্যে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অনাস্থাকে উল্লেখ করেছেন গালিবাফ। তার ভাষায়, সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।






