প্রবাস সংবাদ

কানাডার চাকরির বাজারে আবারও ধাক্কা, বেকারত্বের হার বেড়ে ৬.৭ শতাংশ

কানাডার চাকরির বাজারে আবারও ধাক্কা, বেকারত্বের হার বেড়ে ৬.৭ শতাংশ

কানাডার শ্রমবাজারে আবারও দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। গত অক্টোবর মাসে দেশটির বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ শতাংশে। একই সময়ে কর্মসংস্থান কমেছে প্রায় ৪ হাজার ৭০০টি। এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো বেকারত্বের হার বাড়ল। বিশেষ করে তরুণ চাকরিপ্রার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ শ্রমবাজার জরিপে এসব তথ্য উঠে এসেছে। সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ। অক্টোবরে তা বেড়ে ৬ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। চলতি বছরের এপ্রিলের পর এটিই সর্বোচ্চ বেকারত্বের হার।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে প্রায় ৪ হাজার ৭০০টি কর্মসংস্থান কমেছে। অর্থনীতিবিদরা এ সময়ে নতুন করে ১৩ হাজার ৬০০টি চাকরি সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কর্মসংস্থান বাড়ার পরিবর্তে কমেছে। চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত কানাডার শ্রমবাজারে মোট নিট কর্মসংস্থান কমেছে প্রায় ৪৬ হাজার।

চাকরির বাজারে সবচেয়ে বেশি চাপে রয়েছেন ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীরা। অক্টোবর মাসে এই বয়সীদের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ শতাংশে, যা আগের মাসের তুলনায় ০ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট বেশি।

অন্যদিকে, ৫৫ বছর বা তার বেশি বয়সীদের বেকারত্বের হার বেড়ে হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। তবে ২৫ থেকে ৫৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর বেকারত্বের হার মোটামুটি অপরিবর্তিত রয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, অক্টোবরে সবচেয়ে বেশি কর্মসংস্থান কমেছে পাইকারি ও খুচরা ব্যবসা খাতে। এ খাতে প্রায় ২৯ হাজার চাকরি কমেছে। পরিবহন ও গুদামজাতকরণ খাতে কমেছে প্রায় ১০ হাজার ১০০টি চাকরি।

অন্যদিকে, নির্মাণ খাতে ১৬ হাজার এবং শিক্ষা খাতে ১৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে এসব খাতের ইতিবাচক প্রবৃদ্ধি অন্যান্য খাতের চাকরি হারানোর ক্ষতি পুষিয়ে দিতে পারেনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, বেসরকারি খাতে প্রায় ৫৩ হাজার কর্মসংস্থান কমেছে। বিপরীতে সরকারি খাতে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান বেড়েছে। পূর্ণকালীন চাকরিও কমেছে ১৮ হাজার ১০০টি।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার চলমান বাণিজ্যিক উত্তেজনা, শুল্কনীতি এবং ব্যবসায়িক অনিশ্চয়তা দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যয় নিয়ন্ত্রণ ও নতুন নিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বাণিজ্যিক অনিশ্চয়তা ও দুর্বল ব্যবসায়িক আস্থার প্রভাব শ্রমবাজারেও পড়ছে।

এদিকে, কর্মসংস্থানের হার কমে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৫ শতাংশে। এটি টানা তৃতীয় মাসের পতন। অক্টোবরে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি মজুরি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৭ ডলার ৮৯ সেন্ট হয়েছে।

প্রাদেশিক পরিসংখ্যানে আলবার্টার পরিস্থিতিও উদ্বেগজনক। অক্টোবরে প্রদেশটিতে প্রায় ২৪ হাজার কর্মসংস্থান কমেছে। ফলে বেকারত্বের হার ০ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩ শতাংশে। তবে ব্রিটিশ কলাম্বিয়ায় এ সময়ে প্রায় ১২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, কানাডার শ্রমবাজারে কর্মসংস্থান বৃদ্ধির গতি থমকে যাওয়ায় আগামী মাসগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে। বিশেষ করে তরুণ, নতুন অভিবাসী এবং সদ্য পড়াশোনা শেষ করা চাকরিপ্রার্থীদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে।

সার্বিকভাবে অক্টোবরের এই পরিসংখ্যান কানাডার অর্থনীতিতে নতুন করে শ্লথগতির ইঙ্গিত দিচ্ছে। মূল্যস্ফীতি, আবাসন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে চাকরির বাজারের এই দুর্বলতা সাধারণ পরিবার ও মধ্যবিত্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

বিষয়:কর্মসংস্থান কমেছে কানাডা চাকরির বাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…