ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নোয়েল লে গ্রায়েত। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে কটাক্ষ করায় হয়েছিলেন সমালোচিত। নির্ধারিত মেয়াদ শেষের আগেই ফুটবল সংস্থাটির সর্বোচ্চ পদ থেকে সরে এলেন।
মঙ্গলবার ফ্রান্স ফুটবল বিবৃতিতে জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ ফ্রান্স ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কাছে পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সংস্থাটির সহ-সভাপতি ফিলিপ ডায়ালো অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ করবেন। জুনের ১০ তারিখ সংস্থাটির পরের ফেডারেল অ্যাসেম্বলি হবে।
২০১১ সালে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেন গ্রায়েত। আগামী বছর সভাপতি পদে চতুর্থ মেয়াদ শেষ হতো ৮১ বর্ষী ফুটবল সংগঠকের। ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদানকে কোচ করা না করার মন্তব্য ঘিরে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছিলেন।
কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আলোচনা উঠেছিল সাবেক বিশ্বজয়ী জিদান হবেন ফ্রান্সের কোচ। তবে দেশটির ফেডারেশন দিদিয়ের দেশমের সঙ্গেই নবায়ন করে চুক্তি। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানকে কেনো জাতীয় দলের কোচ করা হয়নি, এমন প্রশ্ন উঠলে চটে যান সদ্যসাবেক সভাপতি।
জিদানকে ঘিরে মন্তব্য করেছিলেন, ‘সে কি আমার সাথে যোগাযোগ করেছে? অবশ্যই না, এমনকি তার ফোনও পাইনি। জিদানের সাথে আমার দেখা হয়নি, আমরা দেশমের সাথে চুক্তি বাতিলের কথাও চিন্তা করিনি।’







