ক্রিকেট

গত আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা খুলনার

জাতীয় ক্রিকেট লিগ

গত আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা খুলনার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে শুরু থেকে দুর্দান্ত খেলেছে খুলনা বিভাগ। সপ্তম ও শেষ রাউন্ডে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতে নিয়েছে তারা।

আসরে কোন ম্যাচেই হারেনি খুলনা। ৪ জয় ও ৩ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে। ২০১৯-২০ মৌসুমের পর তাদের প্রথম শিরোপা। সবমিলিয়ে অষ্টম ট্রফি। ঢাকাকে পেছনে ফেলে এককভাবে জাতীয় লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী দল এখন খুলনা। ৩ জয় ১ হার ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ সিলেট।

সিলেটে সপ্তম রাউন্ডে টসে জিতে রংপুরকে ব্যাটে পাঠায় খুলনা। প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে খুলনা থামে ৩২২ রানে। ১৬ রানে লিড পেয়ে রংপুর দ্বিতীয় ইনিংসে থামে ১৮৪ রানে। ২০১ রানের লক্ষ্যে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা।

আসরে সর্বোচ্চ রান করেছেন রংপুর বিভাগের মিম মোসাদ্দেক। ১৪ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮০৪ রান করে হয়েছেন টু্র্নামেন্ট সেরাও। বোলিংয়ে সর্বোচ্চ ৪১ উইকেট নিয়েছেন চট্টগ্রাম বিভাগের হাসান মুরাদ। সিলেট বিভাগের ১১ ইনিংসে ৪০ উইকেট নিয়ে দুইয়ে নাসুম আহমেদ। ৫৫৫ রান করে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন রাজশাহী বিভাগের নাঈম আহমেদ।

বিষয়:খুলনা জাতীয় ক্রিকেট লিগ নাসুম মিম মোসাদ্দেক রংপুর সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…