জনপদ

রংপুরের চার হত্যা: ফরেনসিক প্রতিবেদন নেই চার্জশিটে, আদালতে ধরা পড়ল অসংগতি

রংপুরের চার হত্যা: ফরেনসিক প্রতিবেদন নেই চার্জশিটে, আদালতে ধরা পড়ল অসংগতি

ছবি: সংগৃহীত

রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তিন মাস পর চার্জশিট জমা দিতে গিয়ে বিপাকে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটে একাধিক অসংগতি এবং হত্যাকাণ্ডের কারণ হিসেবে চুরির ঘটনা উল্লেখ করায় সরকারি কৌঁসুলির (পিপি) আপত্তি ওঠে। পরে সংশোধনের জন্য চার্জশিটটি ফিরিয়ে নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা।

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট জমা দিতে যান মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু বিষয়ে অসংগতি ধরা পড়ে। পরে চার্জশিট জমা না দিয়েই ফিরিয়ে নেন তিনি।

এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, ‘চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না।’

আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধান ছাড়াই গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে চারজনকে হত্যার ঘটনা বর্ণনা করে চার্জশিট তৈরি করা হয়েছে। অথচ খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়ার তথ্য সিআইডির ফরেনসিক ল্যাবের প্রতিবেদনে থাকলেও তা চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি।

এ ছাড়া ঘটনার পর থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করে আসছেন। তাদের এসব অভিযোগ তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি বলেও অভিযোগ রয়েছে।

আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, চার্জশিট পর্যালোচনার সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি ধরা পড়ে। তিনি তদন্তকারী কর্মকর্তাকে সেগুলো সংশোধনের পরামর্শ দেন। এরপর জিন্নাত আলী কাগজপত্র নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন এবং মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

এ বিষয়ে পুলিশ কমিশনার মাহবুব রশীদ ও ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী মন্তব্য করতে রাজি হননি। কয়েক দিনের মধ্যে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে।

মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন তিনি। চার্জশিটে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে তদন্তে অসংগতি ধরা পড়ায় শেষ পর্যন্ত সেটি আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

চলতি বছরের ২২ আগস্ট শনিবার রাতে নগরের মাছুয়াপাড়া মহল্লার একটি বাসা থেকে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও শিশুপুত্র আয়াসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

তদন্তে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৩ আগস্ট দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তারা দাবি করেন, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে একে একে শ্বাসরোধে হত্যা করেন।

বিষয়:৪ খুন গণপতি চক্রবর্তী মহানগর গোয়েন্দা পুলিশ মামলা রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…