রংপুর রাইডার্সের দেয়া ১৫৯ রানের লক্ষ্য সহজেই টপকে গেছে ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ফিরতেই জয় পেল দলটি। প্রথম ম্যাচে নেতৃত্ব দেয়া মেহেদী হাসান মিরাজ বলের পর ব্যাট হাতেও জ্বলে ওঠেন। অলরাউন্ড নৈপুণ্যে সহজ করে দেন পথ। ৬ উইকেটের জয়ে পয়েন্টের খাতা খুলল ফরচুনরা।
চার নম্বরে নেমে মিরাজ খেলেন ২৯ বলে ৪৩ রানের ইনিংস। তিন নম্বর ব্যাটার ইব্রাহিম জাদরান ৪১ বলে ৫২ রান করে আউট হন। ৮৪ রানের তৃতীয় উইকেট জুটিটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
ইফতিখার আহমেদ ও করিম জানাত টানেন ম্যাচের ইতি। মিরাজ ও ইব্রাহিম আউট হওয়ার পর তারা উইকেট অক্ষত রাখেন। ৪ উইকেট হারিয়ে ৪ বল আগে জয় তুলে নেয় বরিশাল।
ইফতিখার ২৫ ও করিম ২১ রানে অপরাজিত থাকেন। হার দিয়ে বিপিএলের নবম আসর শুরু করা দলটি জয় পেল দ্বিতীয় ম্যাচেই।
এর আগে রনি তালুকদারের ৪০ ও শোয়েব মালিকের ৫৪ রানের অপরাজিত ইনিংসের পরও রংপুরকে বেশিদূর যেতে দেয়নি বরিশাল। তাদের দেড়শর মধ্যে রাখতে পারত বরিশাল। মালিকের অসাধারণ ব্যাটিংয়ে সেটি হয়নি। শেষ দুই ওভারে ২৬ রান তোলে দলটি।
টস হেরে ব্যাটে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রংপুর তোলে ১৫৮ রান। ৩৬ বলে ৫৪ রান করেন মালিক। মারেন দুটি ছয়, পাঁচটি চার। রবিউল হক ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
রংপুর ৭ উইকেট হারায় ১১৭ রানে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটির ৪১ এনে দেয় মাঝারি পুঁজি। ওপেনার রনি তালুকদার ২৮ বলে ৪০ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
চতুরাঙা ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত নেন একটি করে উইকেট।







