কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পাশের সাগর থেকে লাইফ জ্যাকেট পরিহিত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর।
সোমবার (৫ মে) ভোররাত ৪টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাশে সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল হাফ প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সোনাদিয়ার পশ্চিম সাগরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও ঘন অন্ধকারের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
তিনি বলেন, পরদিন ভোরে স্থানীয় জেলেদের সহায়তায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ট্রলার দুর্ঘটনা কিংবা ট্রলার থেকে সাগরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।







