পশ্চিম মেরুলে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডার পশ্চিম মেরুল এলাকায় একটি ভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে বিল্লাল হোসেন (৩৭) নামে একজন নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও ঋণের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত বিল্লাল হোসেন পশ্চিম মেরুল বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি ওই এলাকার পরিচিত ব্যক্তি জেনারেটর বাবু ওরফে মওদুদি বাবুর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাড্ডা থানা পুলিশের একটি দল পশ্চিম মেরুলের ১০ তলা একটি ভবনে যায়। সেখানে ভবনটির পরিত্যক্ত রান্নাঘরে বিল্লালকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
বিল্লাল দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। এই কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। ঘটনার আগে বিল্লালের স্ত্রী ও সন্তানরা গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। রোববার তারা আবার গ্রামে ফিরে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান ও অনলাইন জুয়ায় ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।





