ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট

ছবি: সংগৃহীত
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আগামী ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে শুধু দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর থেকে এ রুটে প্রতিদিন ফ্লাইট চলবে। অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় রিয়াদ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই বলেও জানিয়েছে বিমান।
এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল শুরু হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী মোট ১৭১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ২৩ হাজার ৭৭ জন।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৯৪টি ছিল সরাসরি। এর মধ্যে বিমান বাংলাদেশের ৪৫টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়ার ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া বাতিল হওয়া ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানান কাওছার মাহমুদ।
টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।






