বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, ৪০ মিনিট বন্ধ ছিল রানওয়ে

ছবি: সংগৃহিত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের কারণে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ ছিল। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে বন্ধ থাকার পর ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলে রানওয়ে খুলে দেওয়া হয়। এরপর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষা করছিল। রানওয়ে খুলে দেওয়ার পর প্রথমে ওই ফ্লাইটটি অবতরণ করে। পরে একে একে অন্য ফ্লাইটও অবতরণ শুরু করে।
এর আগে ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানায়, কক্সবাজার থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছেছেন।






