সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ৮৯ ফ্লাইটের অন্তত ১৪ হাজার ৬৫৫ যাত্রী। এসব ফ্লাইটের মধ্যে ৩৯টি সরাসরি ও ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারের ৭টি এবং সৌদিয়ার ৫টি ফ্লাইট স্থগিত হয়েছে।
আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ৬টি করে, সালামএয়ারের ৪টি ও ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট স্থগিত হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের আকাশসীমা বর্তমানে বেশ ঝুঁকিতে আছে। দেশটির রাজধানী রিয়াদ বিমানবন্দর ও তেল অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে।
গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় ১৮ জন নিহত হন। এরপর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক হামলার পর সানার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশও দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।
ক্রমাগত হামলার মুখে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
যাত্রী নিরাপত্তা বিবেচনায় বিমান বাংলাদেশও ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
যথাসময়ে নতুন সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান। জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল স্থগিত করেছে।






