আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ৩০ জুলাই ঘটে যাওয়া এ দুর্ঘটনার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি পার্শ্ববর্তী একটি প্রদেশে কয়েক দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়ার আগে প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় এটি ইশচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টিটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সান হুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি। এ দুর্ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে সাতজন প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মীরা রয়েছেন।
জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা এক্সে শোক প্রকাশ করে বলেন, গভীর শোকের এই মুহূর্তে আমি নিহতদের প্রতিটি পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে আছি।
এদিকে স্থানীয় এক সাংবাদিক, যিনি নিহত পুলিশ কর্মকর্তা জার্মান ভিদেলার বন্ধু, তিনি টিএন টেলিভিশনকে জানান, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগেও ভিদেলার সঙ্গে তার কথা হয়েছিল।







