কক্সবাজারে রিসোর্টে নিহতদের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পাওয়া যায়নি: পুলিশ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ।
বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
পুলিশ বলছেন, আগুনে নিহতদের সবার মরদেহ এমনভাবে পুড়ে গেছেন যে, সেগুলো দেখে সঠিকভাবে বোঝার উপায় নেই, কোনটা কার মরদেহ।
“সেজন্যই যে সাতজনের পরিবার প্রাথমিকভাবে তাদের স্বজনদের লাশ শনাক্ত করেছেন, সেগুলোর ডিএনএ স্যাম্পল কালেক্ট করে পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশগুলো যার যার পরিবারের কাঞে হস্তান্তর করা হবে,” বলেন এসপি মি. রহমান।
যে তিনজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে, তাদের স্বজনরা যোগাযোগ করলে একইভাবে ডিএনএ পরীক্ষা করে মরদেহ করা হবে বলে জানান তিনি।
মরদেহগুলো এখন কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার।
এদিকে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার রাতে পুলিশ বাদী হয়ে করা মামলাটিতে চারজনের নাম উল্লেখ করে বাকি ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আগুনের ঘটনার পর আটক রিসোর্টের ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
গত শনিবার সকালের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের প্রায় সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, সেটি এখনো নিশ্চিত করে জানাতে পারেননি ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।






