ইনানীতে নলকূপের গ্যাসে এখনও জ্বলছে আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন চার দিন ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের ২০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আকতার। প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ২০০ মিটার এলাকার মধ্যে সাধারণ মানুষের চলাচল ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাটি কাঁটাতার দিয়ে ঘিরে সংরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেখানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ভূগর্ভস্থ গ্যাসের কোনো আধার থেকে উচ্চচাপে গ্যাস বের হয়ে আসছে।

তবে গ্যাসের প্রকৃতি ও প্রকৃত উৎস নিশ্চিত হতে নমুনা বিশ্লেষণ প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আশপাশের মাটির প্রকৃতিসহ কয়েক ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সাত দিন সময় নেওয়ার কথা জানিয়েছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ইনানীর ছোটখালের পাশে মো. আব্দুল্লাহর বাড়িতে গভীর নলকূপ খননের সময় হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত টানা চার দিন ধরে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে, আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।






