বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত
ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আবারও কমেছে বিশ্ববাজারের স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর প্রতি আউন্সের দাম নেমে এসেছে ৪ হাজার ডলারের নিচে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ ডলার ৩৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭ ডলার ৮০ সেন্টে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণের বাজারে এই চাপ তৈরি হয়েছে।
এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো দরপতনের পথে রয়েছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এতে। ফলে আগামী ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়েছে। বাজারের পূর্বাভাস অনুযায়ী, সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের চাহিদা কমে। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। অন্যদিকে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদভিত্তিক সম্পদ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। প্লাটিনামের দাম কমে ১ হাজার ৪৫৮ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম কমে ৯৮৬ ডলার ৮ সেন্টে নেমে আসে। ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রভাব মূল্যবান ধাতুগুলোর ওপর সরাসরি পড়ছে।






