আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

হরমুজ প্রণালিতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে বাড়তে থাকা নিরাপত্তাঝুঁকির কারণে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ৩০ অক্টোবর এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শুন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শুন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৭২ ডলারে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ মাসের মতো বাড়ার পথে রয়েছে। চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। তেলের বাজারে এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবর সামনে এসেছে। ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।

বিষয়:তেলের দাম হরমুজ প্রণালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…