আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: এখন পর্যন্ত প্রকাশিত ফলে পিছিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: এখন পর্যন্ত প্রকাশিত ফলে পিছিয়ে ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ১২টি আসনে জয় পেয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে চারটি আসনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর পর প্রকাশিত ফলাফলে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা ও সিএনএন।

প্রতিনিধি পরিষদের মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে এই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকানরা। ফলে এবারের নির্বাচনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে ৩৫টি আসনে। ভোট গণনা ও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করলেও বেশ কিছু এলাকায় তখনো ভোটগ্রহণ ও গণনা চলছিল।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকানরা এগিয়ে আছে দুটি আসনে। তবে সিনেটের কোনো আসনেই এখন পর্যন্ত চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।

এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষে আগামী দিনগুলোতে কোন দলের নিয়ন্ত্রণ থাকবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রেসিডেন্ট ট্রাম্পের আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়তে পারে।

বিষয়:জো বাইডেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…