বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

ছবি: সংগৃহীত
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ অন্যরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।
সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। এরপর সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় বঙ্গভবন পরিদর্শন এবং রাষ্ট্রপতির দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।
বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘হয়ার হিস্ট্রি ইল্লুমিনাটেস দ্য ফিউচার: চীন-বাংলাদেশ পলিটিকাল পার্টিস প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন লিউ হাইশিং। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনও রয়েছে।

এ ছাড়া বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং ঢাকায় চীনা দূতাবাসের সাবেক ও বর্তমান চ্যান্সারি ভবন পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন তিনি।
তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের।






