আন্তর্জাতিক

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে রোববার (২৫ অক্টোবর) কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত তেহরানে হামলা না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।  এর আগে একই দিনে ইরানে হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (২৫ অক্টোবর) মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কি না, সে বিষয়ে তার উত্তর হলো, ‘না’ কোনো হামলা হবে না।

এর আগে রোববার দিনের প্রথম ভাগে ইরানকে লক্ষ্য করে কড়া বক্তব্য দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে সেটিই এখন একমাত্র প্রশ্ন।

এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে। তবে ইরান কোনো সম্ভাব্য প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।

এমন পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প।

বিষয়:ইরানে ট্রাম্প হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…