২০২৬ বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুল করতে উন্নত সেমি-অটোমেটেড প্রযুক্তি চালু করতে চলেছে ফিফা। নতুন ব্যবস্থায় কোন খেলোয়াড় ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকলে সহকারী রেফারি তাৎক্ষণিক অডিও সতর্কবার্তা পাবেন। ফলে খেলা অনেকদূর এগিয়ে যাওয়ার পর অফসাইডের পতাকা তোলার প্রয়োজন কমে আসবে।
চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব অবশ্য রেফারিদের হাতেই থাকবে। খুব কাছাকাছি অফসাইড কিংবা ব্যাখ্যানির্ভর পরিস্থিতিতে প্রযুক্তির বদলে মানবিক সিদ্ধান্ত প্রাধান্য পাবে।
আগে ক্লাব বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত প্রযুক্তিতে এ ব্যবধান ছিল ৫০ সেন্টিমিটার। তবে প্রযুক্তিগত কোন ত্রুটির সন্দেহ থাকলে পতাকা না তুলে খেলা চালিয়ে যাওয়ার চূড়ান্ত ক্ষমতা মাঠের রেফারির হাতেই থাকছে।
বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দলের ১,২৪৮ খেলোয়াড়ের এআই-ভিত্তিক থ্রিডি অবতার তৈরি করবে ফিফা। বিশেষ স্ক্যানিংয়ের মাধ্যমে তৈরি এসব ডিজিটাল মডেল ব্যবহার করে আরও স্পষ্ট ও নির্ভুল অফসাইড অ্যানিমেশন দেখানো হবে।
ফিফার আশা, নতুন প্রযুক্তি বিতর্ক কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় খেলা চালিয়ে যাওয়ার কারণে চোটের ঝুঁকিও হ্রাস করবে।








