বাংলাদেশ

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ কমেনি। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। একই দিন গাজীপুরের কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। সেখানে শ্রমিকদের সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা। তবে ভোটাভুটিতে ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়।

মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মজুরি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব ২২ হাজার টাকায় নামিয়ে আনে। অন্যদিকে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

এদিকে, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তারা দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং কারখানায় ছাঁটাই বন্ধের দাবিতে স্মারকলিপিও দেন।

উল্লেখ্য, পোশাক খাতে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

বিষয়:ন্যূনতম মজুরি পোশাকশ্রমিক শ্রমিক অসন্তোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…