জার্মানির নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হল ইয়ূর্গেন ক্লপকে। জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর থেকে আলোচনায় ছিল ক্লপের নাম। মৌখিক সমঝোতার খবরও এসেছিল। জার্মান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ডিএফবি সভাপতি বের্নড নয়েনডর্ফ আনুষ্ঠানিকতা সেরে বলেছেন, আদর্শ পছন্দই হলেন ক্লপ।
শুক্রবার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন ক্লপ। নিয়োগ ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজ এখানে বসতে পারাটা এক বিরাট সম্মানের বিষয়।’
বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে জার্মানির হারের পর নাগেলসম্যান পদত্যাগ করেন। তখন থেকেই ফেডারেশনের পছন্দের প্রার্থী হিসেবে ক্লপের নাম উঠে আসে। ডিএফবি বিবৃতিতে ক্লপকে উদ্ধৃত করে বলেছে, ‘জাতীয় দল আমাদের জার্মানদের এমনভাবে একত্রিত করতে পারে যা অন্যকোন কিছুই পারে না। ঠিক এ কারণেই এ পদটি আমার কাছে এত বিশেষ।’
ক্লপের চুক্তি ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চলবে। জার্মানির প্রধান কোচ হিসেবে তার প্রথম ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। যা জার্মানির নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ। ক্লান্তিজনিত কারণে ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর এটি ক্লপের প্রথম কোচিংয়ে ফেরা।







