২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমার জুনিয়রের। ১৬ বছর পর সেই মাঠেই শেষ হয়ে গেল নেইমার জুনিয়রের বর্ণাঢ্য অধ্যায়। বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন ৩৪ বর্ষী তারকা। আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হল। এখন সব শেষ।’
ব্রাজিলের জার্সিতে নেইমার খেলেছেন ১২৯টি ম্যাচ। করেছেন ৮০টি গোল, যা ব্রাজিলের হয়ে ইতিহাসে সর্বোচ্চ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬- মোট চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ লন্ডন অলিম্পিকে জিতেছেন রৌপ্যপদক, আর ২০১৬ রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে এনে দিয়েছেন ফুটবল ইভেন্টে দেশটির ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণপদক।
এবারের বিশ্বকাপে চোট নিয়েই এসেছিলেন নেইমার। মাঠে নেমেছেন কেবল দুটি ম্যাচ। গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাত্র ১৪ মিনিট খেলেছিলেন। নরওয়ের বিপক্ষে মাঠে নামেন ম্যাচের ৬৭ মিনিটে। যোগকরা সময়ের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। সেটিই হয়ে থাকল চলতি বিশ্বকাপে তার একমাত্র গোল এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮০তম ও শেষ গোল।







