রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়বে ফ্রান্স এবং মরক্কো। তারকাবহুল দুদলের আক্রমণভাগ। তবে মরক্কো তাদের প্রধান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে ছাড়াই ফরাসিদের বিপক্ষে লড়তে নামবে।
মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বিষয়টি সংবাদমাধ্যমে বলেছেন। হিউস্টনে কানাডার বিপক্ষে মরক্কোর ৩-০ গোলে রাউন্ড অব ষোলোর জয়ের ম্যাচে ২২ মিনিট পর কিছুটা অস্বস্তি বোধ করায় সাইবারিকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ। হ্যামস্ট্রিংয়ের চোটের মাত্রা নির্ণয়ের জন্য গত কয়েকদিন ধরে তার চিকিৎসক পরীক্ষা ও বিশ্লেষণ করছেন।
বোস্টনে পৌঁছানোর পর এমআরআই রিপোর্টে দেখা যায়, আঘাত এতটাও গুরুতর নয় যে তাকে পুরো প্রতিযোগিতা থেকে বাইরে থাকতে হবে। কোচ বলেছেন, ‘সাইবারি ছাড়া সবাই খেলার জন্য প্রস্তুত, কারণ ম্যাচটি তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যদিও আমি আশা করি, সে আসরের বাকি অংশের জন্য ছিটকে যাবে না।’
সাইবারি এপর্যন্ত বিশ্বকাপে মরক্কোর সেরা খেলোয়াড়। ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোলটি করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব বত্রিশে টাইব্রেকারে ২৫ বর্ষী তারকা নির্ণায়ক পেনাল্টিতে গোল করে দলকে জয় এনে দেন। আসরে ৩ গোল করে মরক্কোর সর্বোচ্চ গোলদাতাও তিনি।
বোস্টনের জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় প্রথম কোয়ার্টার ফাইনালে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে নামবে মরক্কো।







