রাতে নকআউটে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল। শক্তির বিবেচনায় ব্রাজিল এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলার দল নয় এশিয়ান জায়ান্ট জাপানিজরা। সামুরাই ব্লুদের কোচ হাজিমে মরিয়াসুর কৌশলের কাছে ভালোই পরাস্ত হয় ইউরোপ কিংবা লাতিনের বড় বড় দেশগুলো। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সজাগ। জানিয়ে দিলেন, জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না তার দল।
রাতে বাংলাদেশ সময় ১১টায় শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে নামবে ব্রাজিল এবং জাপান। ম্যাচের আগে সংবাদসম্মেলনে আসেন দুই দেশের কোচ। কাগজে-কলমে নকআউট পর্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সেলেসাও এবং সামুরাই ব্লুজ দল। উভয়ই নিজ নিজ গ্রুপে অপরাজিত ছিল।
ম্যাচের আগে আনচেলত্তি জাপানের কৌশল সম্পর্কে বলেছেন, ‘ইংল্যান্ডে যেটাকে ‘মাইন্ড গেমস’ বলা হয়, আমরা সেটায় জড়াচ্ছি না। পর্তুগিজ ভাষায় এটাকে কী বলে? সেটা যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না।’
বিশ্বকাপের আগে গত অক্টোবরে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল, ব্রাজিল ৩-২ গোলে হেরেছিল। আনচেলত্তি সেটা স্মরণে রেখে বললেন, ‘অন্যরা যা বলে বলুক, আমি তা পুনরাবৃত্তি করব না। আমরা ম্যাচের উপর, প্রতিপক্ষের সামর্থ্যের উপর এবং সমস্যা এড়ানোর জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়ার মনোনিবেশ করছি। আমার কাছে ম্যাচ প্রস্তুতি বলতে এটাই বোঝায়।’
ব্রাজিল মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষ দখল করে নকআউটের টিকিট কাটে। অন্যদিকে, এফ গ্রুপে জাপান নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয় এবং সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে শেষ বত্রিশের যোগ্যতা আর্জন করেছে।







