ঠিক হয়ে গেছে বিশ্বকাপের সেরা ৪ দল, সেমিফাইনালে লড়বে ফ্রান্স-স্পেন এবং ইংল্যান্ড-আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ পাচ্ছে না নতুন কোন চ্যাম্পিয়নের দেখা। গত ২২ আসরে এপর্যন্ত ৮টি দল ঘুরে ফিরে শিরোপার স্বাদ পেয়েছে। সর্বশেষ ২০১০ সালে মহাযজ্ঞে মিলেছিল নতুন এক চ্যাম্পিয়নের নাম।
বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরা ৮ দেশ হল ব্রাজিল (৫ বার), জার্মানি (৪), ইতালি (৪), আর্জেন্টিনা (৩), ফ্রান্স (২), উরুগুয়ে (২), স্পেন (১) এবং ইংল্যান্ড (১ বার)। যদিও বিশ্বকাপে ৩ বার নেদারল্যান্ডস, ২ বার করে চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি এবং ১ বার করে ক্রোয়েশিয়া ও সুইডেন ফাইনাল খেলেছে, তবে শিরোপার ছোঁয়া পায়নি।
চার সেমি ফাইনালিস্টের মধ্যে ইংল্যান্ড ইতিহাসে একবার ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ এবং সবশেষ গত ২০২২ আসরে বিশ্বকাপ জিতেছে। ফ্রান্স ১৯৯৮ এবং ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে। স্পেন ২০১০ সালে বিশ্বকাপ জিতেছে, যা ছিল সর্বশেষ কোন নতুন দেশের বিশ্বকাপ জয়।
মহাযজ্ঞের ইতিহাসে এনিয়ে মাত্র তৃতীয়বার, যেখানে চার সেমিফাইনালিস্ট দলই সাবেক চ্যাম্পিয়ন। প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ১৯৭০ সালে, পশ্চিম জার্মানি, ইতালি, উরুগুয়ে এবং ব্রাজিল শেষ চারের জন্য যোগ্যতা অর্জন করেছিল। দ্বিতীয়াটি ১৯৯০ আসরে, যেখানে বিশ বছর পর সাবেক চার চ্যাম্পিয়ন আবারও সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেবার পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং ইতালি সেমি খেলেছিল।







