ফুটবল

ইনফান্তিনোকে নিয়ে প্রশ্নে ফিফার উত্তরের অপেক্ষায় উয়েফা

ইনফান্তিনোকে নিয়ে প্রশ্নে ফিফার উত্তরের অপেক্ষায় উয়েফা

ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) পক্ষ থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। ইনফান্তিনোর শাসনকাল ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে উদ্ভূত নানা বিতর্ক ও উদ্বেগের ফলে উয়েফা ফিফার কাছে একটি জরুরি চিঠি পাঠায়। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে উয়েফা। 

উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে পাঠানো ওই চিঠিতে ১২টি আলাদা বিষয়ের ওপর ভিত্তি করে মোট ৪২টি প্রশ্ন উত্থাপন করেছেন। প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প এবং ‘ফিফা পিস প্রাইজ’ সংক্রান্ত বিতর্ক।

এছাড়া ওই চিঠিতে ইনফান্তিনোর সভাপতিত্বের স্বচ্ছতা, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে দ্য প্রেসের সবশেষ তথ্য অনুযায়ী ফিফার থেকে কোনো উত্তর এখনও পায়নি উয়েফা।

ফিফা প্রতিযোগিতা এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য একটি আলাদা কোম্পানি গঠন এবং প্রাইভেট বিনিয়োগকারীদের কাছে তার অংশীদারিত্ব বিক্রির যে উদ্যোগ নেয়া হয়েছিল, তা নিয়ে তীব্র সমালোচনা করে উয়েফা। কাউন্সিলের যথাযথ পরামর্শ ছাড়া এই পরিকল্পনা এগিয়ে নেয়া এবং আর্থিক স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয়ান ফুটবল সংস্থাটি।

এই বিষয়ে ফিফাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছে উয়েফা। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এই চিঠি ও ফিফার জবাব দুই সংস্থার মধ্যকার সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিষয়:ইনফান্তিনো উয়েফা থিওডোর ফিফা ম্যাথিয়াস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…