বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আসরে পা রেখে বিশ্বকাপ ধরে রাখার যাত্রায় বেশ ভালোভাবে নিজেদের মেলে ধরেছে আর্জেন্টিনা। ১-০ গোলে পিছিয়ে পড়ে নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে ২-১ গোলে জিতে ফাইনালের টিকিট কেটেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। পরে লিওনেল মেসি বলেছেন, যে যা খুশি বলুক, তার দল অসাধারণ।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের শেষ মুহূর্তে ৭ মিনিটের ঝড়ে প্রত্যাবর্তন করেছে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির জোড়া অ্যাস্টিস্টে ৮৫ মিনিটে এনজো ফের্নান্দেজ এবং ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে ২-১এ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, ‘যার কষ্ট হওয়ার হোক, যে যা খুশি বলুক। এই দলকে কেউ বিনামূল্যে কিছু দেয়নি। পরপর দুটি বিশ্বকাপে ফাইনাল খেলাটা অবিশ্বাস্য। আমাদের দলটা অসাধারণ।’
‘সত্যি বলতে, বিশ্বকাপ শুরুর আগে থেকেই দলের উপর ভরসা রেখেছিলাম, জানতাম আমরা সেরা চারের মধ্যে থাকব। সমর্থকরা যেভাবে উপভোগ করছে, করুক। এখন যা হওয়ার হবে, ঈশ্বর দেখবে।’
আগামী ১৯ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা মহারণে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্পেন।

