চোট-শারীরিক সমস্যা নিয়ে ফাইনালে নেমেছিলেন রোমেরো ও বেশিরভাগ আর্জেন্টাইন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। দীর্ঘ এক সাক্ষাৎকারে রোমেরো জানালেন, মারাত্মক চোট ও তীব্র শারীরিক সমস্যা নিয়ে বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি এবং দলের বেশিরভাগ সতীর্থই।
ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আলবিসেলেস্তেদের। পুরো ম্যাচে কোনরকম সুবিধা করতে পরেনি লিওনেল মেসিদের দল। মাঠের লড়াইয়ে স্পেনের আধিপত্য অকপটে স্বীকার করে নিচ্ছে রোমেরো।
‘স্পেন তাদের কাজটা খুব ভালোভাবে করেছিল। আর আমরা কোনমতে টিকে ছিলাম। এটাকে অলৌকিক বলা যায় কিনা জানি না, তবে পুরো টুর্নামেন্টজুড়ে শারীরিক দিক থেকে আমাদের অনেক ভুগতে হয়েছে।’
‘দলে অনেক খেলোয়াড় ছিল যারা কোনমতে খেলার মতো অবস্থায় ছিল। আমিও তাদের একজন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমার অ্যাকিলিস টেন্ডনে সমস্যা দেখা দেয়। যা আজও রয়ে গেছে। ফাইনালের আগের দিনগুলোতে প্রায় সময় অনুশীলনই করতে পারিনি।’
‘ম্যাচে নামার সময় পুরোপুরি ফিট ছিলাম না। কিছু ওষুধ খেয়ে এবং ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছি। দ্বিতীয়ার্ধে আমার শরীর আর নিতে পারছিল না। বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ফিট না থাকা এমনিতে হতাশাজনক। তবুও আমার মনে হয়েছিল খেলার মতো অবস্থায় আছি। তাই মাঠে থাকতে চেয়েছিলাম।’






