পরিবারের সচ্ছলতার আশায় দুই বছর আগে মালদ্বীপে পাড়ি জমানো ফেনীর সোনাগাজী উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ ফরিদ (৪৪)।
শেখ ফরিদ ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নশা মিয়ার বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে (স্থানীয় সময়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত শেখ ফরিদ মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের খালাতো ভাই ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ দলের নেতাকর্মীরা হাসপাতালে যান। তারা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ব্যক্তিজীবনে শেখ ফরিদ দুই সন্তানের জনক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। মরদেহ দেশে আনার প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
পরিবার শেখ ফরিদের রুহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চেয়েছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও তার বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের জন্য ধৈর্য কামনা করেছেন।







