তাহসানের উপস্থাপনায় আরো বড় পরিসরে ‘ফ্যামিলি ফিউড’

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র প্রযোজনায় দেশের বহুল জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আসছে বহুল প্রতিক্ষীত তৃতীয় সিজন নিয়ে। আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে সিজন ৩ আসছে এক নতুন ও আকর্ষণীয় ফরম্যাটে।
যেখানে পরিবারগুলো ধাপে ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হওয়ার গৌরব অর্জন করবে এবং জয় করে নেবে সেরা সব পুরস্কার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বঙ্গ।
সিজন ১ এর দুর্দান্ত সাফল্যের সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশের সবকটি (৬৪টি) জেলায় জরিপ চালানো হয়েছিলো, যার মাধ্যমে সারাদেশের মানুষের মতামত ফ্যামিলি ফিউডের মঞ্চে উঠে আসে।
এছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়, যা মঞ্চের ভেতর ও বাইরে সবাইকে এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়।
প্রতিযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এই নতুন ফরম্যাট পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা আর টিমওয়ার্ককে বড় পরীক্ষার মুখে ফেলবে। টপ থ্রি-তে জায়গা করে নিতে তাদের একের পর এক প্রতিযোগিতামূলক রাউন্ডে লড়তে হবে।
সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে, আর ফাইনালের বাকি জায়গাটির জন্য মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর ফাইনালের দুই সেরা পরিবারের মধ্যে হবে চূড়ান্ত লড়াই-যেখানে জয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার আর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব।
প্রতিটি পর্বেই নতুন চ্যালেঞ্জ আর নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ থাকায় এবারের উত্তেজনা থাকছে তুঙ্গে।
দর্শকদের উদ্দীপনা আরও বাড়াতে পরপর তৃতীয়বারের মতো উপস্থাপক হিসেবে ফিরছেন সবার প্রিয় তাহসান খান। এবারও তার সেই চেনা হাসি, খুনসুটি আর ভরপুর এনার্জিতে জমে উঠবে ফ্যামিলি ফিউডের মঞ্চ। এ মৌসুমেও ফ্যামিলি ফিউড-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত থাকছে আইগ্যাস ইউনাইটেড।
‘ব্রডকাস্ট পার্টনার’ হিসেবে যথারীতি থাকছে এনটিভি আর প্রতিবারের মত এই সিজনেও শো-টির পরিচালনায় থাকবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন: ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!
সারাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো পরিবার সিজন ৩-এর জন্য আবেদন করতে পারবেন। আপনার পরিবারে যদি থাকে চটজলদি বুদ্ধি, উপস্থিত মেধা, মজার মজার উত্তর দেওয়ার দক্ষতা কিংবা দুর্দান্ত পারিবারিক বন্ধন—তবে আলো ঝলমলে এই মঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ এটিই।
আগ্রহী পরিবারগুলো বঙ্গ-র নির্দিষ্ট আবেদন লিংকে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এছাড়া বঙ্গের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।
নতুন সিজনের প্রস্তুতির পাশাপাশি দর্শকরা চাইলে আগের সিজনের পর্বগুলো বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে উপভোগ করে খেলার কৌশল ঝালিয়ে নিতে পারবেন।
নতুন ফরম্যাট, উপস্থাপনায় তাহসান খানের প্রত্যাবর্তন এবং টাইটেল স্পন্সর হিসেবে আইগ্যাস ইউনাইটেড-এর অন্তর্ভুক্তি নিয়ে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩ প্রস্তুত এক জমজমাট আয়োজনের জন্য।






