‘ভুয়া খবর’ প্রচারণায় হতে পারে ৩ বছরের কারাদণ্ড

মোবাইল ফোনে ফেক নিউজের সতর্কতা দেখাচ্ছে, যা ডিজিটাল নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতে প্রস্তাবিত নতুন নিয়মে ‘ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য’ প্রচারণার কারণে তিন বছর কারাদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী পরিবর্তন হচ্ছে ভারতের তিনটি নিয়ম। ব্রিটিশ আমলের তিনটি ফৌজদারি আইন পরিবর্তন করে নতুন বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার ১২ আগস্ট এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ভারতীয় ন্যায় সংহিতা বিল ২০২৩-সহ তিনটি বিল পেশ করেন। প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনার জন্য স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত বিল অনুযায়ী, ১৯৫ ধারার অধীনে এই বিধানে বলা হয়, ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে বিপন্ন করে এমন ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সাথে সম্পর্কিতদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।
১৯৫ (১) এর ডি ধারায় বলা হয়, ভারতের সার্বভৌমত্ব একতা এবং অখণ্ডতা বা নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য তৈরি বা প্রকাশ করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই দণ্ডে দণ্ডিত হতে পারে৷
এদিন সংসদে অমিত শাহ ঘোষণা করেন, ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড বা সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট- এই তিন আইনের পরিবর্তে নতুন তিনটি আইন আনা হবে। তার পেশ করা বিল অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির বদলে এবার সেটা হতে চলেছে ন্যায় সংহিতা। ক্রিমিনাল প্রসিডিউর কোড এবার হতে চলেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা।
তিনি বলেন, ১৮৬০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের অপরাধমূলক বিচার প্রক্রিয়া ব্রিটিশদের তৈরি আইনের ওপর ভিত্তি করেই হত। কিন্তু এবার থেকে সেটা নতুন আইনের ভিত্তিতে হবে। এই বিলগুলো স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে।
অমিত শাহ বলেন, ‘এই আইনগুলোর লক্ষ্য শাস্তি দেওয়া হবে না। যাতে সাধারণ মানুষ ন্যায় পান সেই লক্ষ্য আইনগুলো আনা হচ্ছে। অপরাধ যাতে থামানো সম্ভব হয় সেই লক্ষ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে।’






