এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে ৩০মে থেকে শুরু হতে চলেছে জাতীয় দলের ক্যাম্প। সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ডাক পাওয়া ফাহমিদুল ইসলাম পৌঁছেছেন ঢাকায়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির রোম থেকে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি ঢাকা পা রাখেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হবে।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। যদিও মূল স্কোয়াডে সুযোগ হয়নি। সৌদি আরবে করা ক্যাম্প থেকে ইতালিতে ফিরে যান। কদিন আগে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পান ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলা ফরোয়ার্ড।
আগামী ১০ জুন ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথ ধরেন ফাহমিদুল। তার সাথে এসেছেন বাবা মহিউদ্দিন।
দেশের জার্সিতে অভিষেকের আগে রোমে ফাহমিদুলকে বিদায় জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ ও গণ্যমান্য অনেকে। তাকে বিদায় জানাতে ভিড় করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরাও।







