‘জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান৷ ছবি: সংগৃহীত।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, জাতীয় সংসদের গত অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন তাকে জানিয়েছি, জামায়াত জাতীয় ঐক্যের পক্ষে। তবে এর আগে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশে কখনোই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।
বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদের যেসব বিধান ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেসব বিষয়েই বিএনপি ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে।
বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, যারা একসময় নির্যাতনের শিকার ছিলেন, তারাই এখন অতীত ভুলে আওয়ামী লীগের কায়দায় জনগণের প্রতি নির্মম আচরণ করছেন।
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন হলে নতুন করে কোনো সংলাপের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তার মতে, ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে এই দলিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






