আসছে জুনে জার্মানিতে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপ। গ্রীষ্মকালীন আসরটিতে অংশ নিতে পারা দলগুলোকে ২৬ সদস্যের স্কোয়াড গঠনের অনুমতি দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
ইউরোপীয় গভর্নিং বডির জাতীয় প্রতিযোগিতা কমিটির একটি সভা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যা চলতি সপ্তাহের শেষদিকে অনুমোদন করবে নির্বাহী কমিটি।
করোনা প্রভাবের কারণে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে দলগুলোকে সদস্য সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছিল উয়েফা। করোনা শেষে ২৩ সদস্যের স্কোয়াডে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল সংস্থাটি।
বেশ কয়েকটি জাতীয় দলের কোচ সেই পরিকল্পনার সমালোচনা করেছিলেন। ২৬ সদস্যের দল বহাল রাখার পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি ইউরো ২০২৪ আসরে অংশগ্রহণ নিশ্চিত হওয়া দলগুলোর কোচদের সভায় ২৬ সদস্যের দল গঠনের প্রস্তাব ওঠে, এবং ব্যাপক সমর্থন মেলে।
দলগুলোকে স্কোয়াড ঘোষণার জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে ৭ জুন পর্যন্ত। ১৪ জুন স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ১৪ জুলাই।








