ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল চলাকালীন স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে ডানপায়ে আঘাত পান আলভারো মোরাতা। স্পেন অধিনায়ক এসময় চোটে পড়ার ভয় পেয়েছিলেন।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয়ে ফাইনালে ওঠার উদযাপনে তখন মত্ত স্পেন। এসময় এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। মোরাতা তাকে ধরার জন্য দৌড়ানোর সময় পিছলে পড়েন এবং ওই স্থানে থাকা নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ঘটনাক্রমে ঘটা সংঘর্ষে ডানপায়ে আঘাত পান।
সংঘর্ষের পর মোরাতা ব্যথায় কাতরাচ্ছিলেন। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান ৩১ বর্ষী তারকার এক ভক্তের অতিরিক্ত উচ্ছ্বাসের মুহূর্তে এমন ঘটেছে। চোট প্রসঙ্গে তার ভাষ্য, আমরা এটিকে গুরুতর কিছু মনে করছি না।
আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চতুর্থ শিরোপার লক্ষ্যে নামবে দলটি। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার জয়ী দল শিরোপামঞ্চে মুখোমুখি হবে স্পেনের।








