উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনাল, প্রথমার্ধের যোগ করা সময়ে স্পেনের বক্সের বাইরে থেকে গোলমুখে শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। বক্সের মধ্যে থাকা স্পেন ডিফেন্ডার মার্ক কুক্কুরেলার হাতে লাগে বল। জার্মানি পেনাল্টির আবেদন করে, রেফারি অ্যান্থনি টেইলার সেটিতে না করে দেন।
এখন উয়েফা রেফারি কমিটি বলছে, জার্মানিকে সেসময় পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছিল। ম্যাচটি স্পেন ২-১ গোলে জিতেছিল। ১১৯ মিনিটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো।
উয়েফার রেফারি পর্যালোচনা কমিটি জানিয়েছে, ‘যে বল হাতের কারণে গোলের দিকে যাওয়া ঠেকিয়েছিল, সেটির ক্ষেত্রে আরও কঠোর হওয়া উচিত ছিল। অধিকাংশ ক্ষেত্রে পেনাল্টি দেয়া উচিত, যদি না সেটি ডিফেন্ডারের শরীরের খুব ভেতরে থাকে। এ ঘটনার ক্ষেত্রে ডিফেন্ডার বল হাত দিয়ে ঠেকিয়ে দিয়েছে, যেটি তার শরীরের খুব কাছাকাছি ছিল না, সেটি প্রসারিত ছিল। সুতরাং পেনাল্টি দেয়া উচিত ছিল।’
ঘটনার পর জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান দাবি করেছিলেন, ‘দল এমন সিদ্ধান্তের যোগ্য ছিল না। রেফারি স্পেনের পক্ষে ছিল কিছুটা।’








