ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় অঘটনের শিকার হল পর্তুগাল। আসরে প্রথমবারের মতো খেলতে আসা জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরে বসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অপরদিকে, রেকর্ড ১৮ কার্ডের ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে তুরস্ক।
এফ-গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া পর্তুগাল টেবিল টপার হয়েই শেষ ষোলোতে খেলবে। তুরস্ক ৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে হয়েছে গ্রুপ রানার্সআপ। ৪ পয়েন্ট পাওয়া জর্জিয়া টিকিয়ে রেখেছে পরের রাউন্ডে যাওয়ার আশা। আসর থেকে বাদ পড়া চেক রিপাবলিকের ঝুলিতে এক পয়েন্ট।
অ্যারেনা আউফশাল্কে বুধবার রাতে ফিফা র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই জর্জিয়ার এগিয়ে যায়। জর্জেস মিকাউটাদজের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন খভিচা কভারতসখেলিয়া।
পর্তুগিজদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ পিছিয়ে থাকা দলটি বিরতির পর আবারো জালের দেখা পায়। ডি বক্সের ভেতর অ্যান্টনিও সিলভা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৭ মিনিটে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্জেস মিকাউতাদজে।

ভক্সপার্কস্টেডিয়নে আরেক খেলায় রেফারিকে বারবার পকেট থেকে বের করতে হয়েছে কার্ড। ১৬টি হলুদ ও দুই লাল কার্ডের ম্যাচে দল নিয়ে জয়ের মুখ দেখে তুরস্ক।
৫১ মিনিটের মাথায় হাকান চালহানোগ্লুর গোলে তুরস্ক লিড পায়। চেক রিপাবলিক ৬৬ মিনিটে টমাস সোসেকের নিশানাভেদে সমতায় ফেরে।
যোগ করা সময়ের প্রথম মিনিটে অ্যান্টোনিন বারাক লাল কার্ড দেখলে তুরস্ক ১০ জনের দলে পরিণত হয়। তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে সেঙ্ক তোসুন জয়সূচক গোলটি করেন।
বাজেভাবে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় যোগ করা সময়ের অষ্টম মিনিটে চেক রিপাবলিকের টমাস চোরি লাল কার্ড দেখেন। খানিক পরই রেফারি শেষ বাঁশি বাজান।







